বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যকলাপই ইসরাইলের বিপদ ডেকে আনছে। ‘বন্ধু’ ইসরাইলের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে, ইসরাইলকে সাহায্য করতে গিয়ে আসলে দেশের ক্ষতি করছেন নেতানিয়াহু।
ইসরাইলের উপর হামাসের হামলা এবং তার পালটা গাজায় ইসরাইলি সেনার অভিযান- দুই ক্ষেত্রেই শুরু থেকে নেতানিয়াহুর দেশের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। তবে গত কয়েকদিনে ছবিটা পালটে গিয়েছে। একাধিকবার ইসরাইল বিরোধী সুর শোনা গিয়েছে বাইডেনের মুখে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছে আমেরিকা। এমন পরিস্থিতিতে প্রকাশিত হয়েছে বাইডেনের একটি সাক্ষাৎকার। সেখানেই নেতানিয়াহুকে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেনের কথায়, ‘ইসরাইলকে রক্ষা করার দায়িত্ব রয়েছে নেতানিয়াহুর। হামাসের বিরুদ্ধে লড়াই চালানোর অধিকারও রয়েছে। কিন্তু সাধারণ মানুষের কথাও তার মাথায় রাখতে হবে। নেতানিয়াহুর পদক্ষেপের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার আমজনতা। আমার মনে হয় ইসরাইলের সাহায্য করতে গিয়ে আখেরে দেশের ক্ষতি করছেন নেতানিয়াহু।’ গাজায় হামলার বিষয়টি ইসরাইলের পার্লামেন্টেও উত্থাপন করতে চান মার্কিন প্রেসিডেন্ট।
নেতানিয়াহুর নিন্দা করলেও ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধ করার কথা ভাবছে না আমেরিকা। ওই সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ এখনও অতখানি শক্তিশালী নয়। তাই অস্ত্র সরবারহ বন্ধ করবে না আমেরিকা। অস্ত্র না পাঠালে ওদের আয়রন ডোমের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই কার্যকর হবে না।’