ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের বিমান ও স্থল অভিযানে হামাসের ১৩ হাজার ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (১০ মার্চ) জানিয়েছে, ইসরাইলি হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ।
তবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক ও কতজন হামাসের সদস্য, তা নিয়ে আলাদাভাবে তথ্য প্রকাশ করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজায় নিহতদের মধ্যে ৭২ শতাংশই নারী ও শিশু।
ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্ধৃত করে জার্মানি দৈনিক বিল্ড জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চল রাফাহতে ইসরাইলি অভিযান বৃদ্ধি করার প্রধান উদ্দেশ্য হামাসকে পরাজিত করা।
নেতানিয়াহু বলেন, আমরা জয়ের দ্বারপ্রান্তে আছি। রাফাহতে অবশিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে, আমাদের বিজয় মাত্র এক সপ্তাহের প্রশ্ন হবে।
নেতানিয়াহু আরও বলেন, হামাসের তিন-চতুর্থাংশ সদস্য নিহত হয়েছেন। এই মুহূর্তে অভিযান বন্ধ করলে তারা পুনরায় দল গঠন করতে পারে।