রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও বিপুল অংকের অস্ত্র সহায়তা প্যাকেজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের পরিমাণ ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। এই সহায়তা প্যাকেজের অধীনে গোলাবারুদ, রকেট এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রও ইউক্রেনে পাঠানো হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গোলাবারুদ, রকেট এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ইউক্রেনে পাঠাবে বলে হোয়াইট হাউস জানিয়েছে। বিস্ময়কর এই ঘোষণাটি এমন এক সময়ে সামনে এলো যখন ইউক্রেনে আরও সহায়তা পাঠানোর বিষয়ে কংগ্রেসে পক্ষে-বিপক্ষে বিতর্ক চলছে। গত প্রায় তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনে যুক্তরাষ্ট্র এই ধরনের সহায়তা পাঠাতে চলেছে এবং রাশিয়ার আগ্রাসন মোকাবিলা করাই এই সহায়তার উদ্দেশ্য।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের চাহিদা মেটাতে এই সাহায্য যথেষ্ট নয়’।
এছাড়াও ডেনমার্ক ঘোষণা করেছে, তারা প্রায় ৩৩৬ মিলিয়ন মার্কিন ডলারের গোলাবারুদ এবং আর্টিলারি ইউক্রেনে পাঠাবে।
প্রসঙ্গত, ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে অস্ত্রের ‘কৃত্রিম ঘাটতির’ কারণে রাশিয়ার কাছে জায়গা হারিয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত মাসে জানিয়েছিলেন।
সূত্র: বিবিসি