সিরিয়ার বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তিকে লক্ষ্য করে নতুন ভিসা বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার সহিংসতা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে সিরিয়ার জনগণের দমনের জন্য দায়ী অথবা জড়িত থাকার অভিযোগে তাদের ওপর ভিসা বিধিনিষেধ জারি করেছে দেশটি।
এ বিষয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ১০ জন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার কারণে ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিয়েছেন।
এর আগে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার ১১ সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের নিকটবর্তী সদস্যদের লক্ষ্য করে ভিসা বিধিনিষেধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। নতুন এই বিধিনিষেধগুলো আগের ঘোষণার পূর্বে ঘোষিত ভিসা বিধিনিষেধের পরিপূরক বলে জানিয়েছেন মিলার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘ইউএনএসআর ২২৫৪ এর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের দিকে তারা না আগালে আমরা আসাদ (সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ) সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করব না। ‘