এখনই যুদ্ধবিরতি করতে হবে গাজায়, ইসরাইলকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি না হলে ইসরাইলের প্রতি নিজেদের অবস্থান বদলে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজার সাধারণ মানুষের মৃত্যু আটকাতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বলেও বেঞ্জামিন নেতানিয়াহুকে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
গত ছ’মাস ধরে গাজায় নৃশংস অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইল। প্রথমদিকে ইসরাইলের পাশে থাকলেও ধীরে ধীরে অবস্থান বদলের পথে হাঁটছে ওয়াশিংটন। কয়েকদিন আগেই জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে প্রস্তাবে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। একাধিকবার ইসরাইলকে বার্তা দেয়া হয়েছে, গাজার সাধারণ মানুষের উপরে হামলা বন্ধ করতে হবে। তবে ‘বন্ধু’ আমেরিকার কথা কার্যত উড়িয়ে দিয়ে অভিযানে অটল নেতানিয়াহু।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। প্রায় আধঘণ্টা কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। ওয়াশিংটনের বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি বন্ধ ও ত্রাণকর্মীদের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।
তবে বাইডেনের এই হুঁশিয়ারি না মানলে নেতানিয়াহুর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে, সেই নিয়ে কিছু বলেনি আমেরিকা।