দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন ঈদুল ফিতর আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল)। পুরো রমজান মাস সিয়াম সাধনার পর উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আজ সারা বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
চারদিকে ছড়িয়ে পড়বে আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসা। সাধ ও সাধ্যানুযায়ী ঘরে ঘরে রান্না হবে সুজি, সেমাই, পোলাও, কোরমা, পায়েস, পিঠাপুলিসহ নানা ধরনের সুস্বাদু খাবার। ঈদের নামাজ শেষে চলবে শুভেচ্ছা বিনিময়।
৩০ দিন সিয়াম সাধনার পর বাংলাদেশের মুসলিম সম্প্রদায় আজ ঈদ উদযাপন করবেন। সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ঈদুল ফিতর একই সঙ্গে উৎসব ও ইবাদতের আধ্যাত্মিক স্বাদ দিয়ে যায় প্রতিটি মুমিনের মনে। ধর্মীয় মূল্যবোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শৃঙ্খলিত করে। ঈদের আনন্দ-চেতনার ছোঁয়া মানবিকতা জাগ্রত করে।
বাংলাদেশের আকাশে বুধবার (১০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা এদিন ঈদুল ফিতর উদযাপন করছেন।
ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন। এদিকে সিলেটসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।