পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসার কথা ভারতের। এজন্য বিসিসিআই সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ জনের দল ঘোষণা করে। দলে ফিরেছেন দায়ালান হেমলাথা ও রাধা ইয়াদাভ। পিঠের চোটে বাদ পড়েছেন জেমিমা রড্রিগেজ।
সর্বশেষ উইমেন’স প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের হয়ে আলো ছড়ান সাজানা। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে বল হাতে বড় অবদান রাখেন আশা। ভারতের প্রথম বোলার হিসেবে ডব্লিউপিএলে নেন ৫ উইকেট। সব মিলিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১২ শিকার ধরেন তিনি।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। ওই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই আইসিসির ভবিষ্যৎ সফরসূচির বাইরে এই পাঁচ ম্যাচ খেলতে আসবে ভারত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৮ ও ৩০ এপ্রিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৬ মে। শেষ ম্যাচ আবার মূল মাঠে, ৯ মে। মূল মাঠের তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দিবা-রাত্রির ম্যাচ দুটি শুরু দুপুর ২টায়।
গত বছরের জুলাইয়ে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে গেছে ভারত। ওয়ানডে সিরিজটি টাই হয়। টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে জেতে ভারত।
ভারত নারী টি-টোয়েন্টি দল: হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দায়ালান হেমলাথা, সাজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রাধা ইয়াদাভ, দিপ্তি শার্মা, পুজা ভাস্ত্রাকার, আমাঞ্জত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং, তিতাস সাধু।