হাজার হাজার ফিলিস্তিনি সোমবার সন্ধ্যায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় উল্লাস করেছেন। স্বাধীনতাকামী গ্রুপ হামাস গাজা উপত্যকায় একটি প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার পর পরই রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন ফিলিস্তিনিরা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করা ভিডিও ক্লিপগুলিতে দক্ষিণ গাজার রাফাহ, খান ইউনিস এবং কেন্দ্রীয় দেইর আল-বালাহ শহরে হাজার হাজার ফিলিস্তিনিকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
এর আগে সোমবার সন্ধ্যায় হামাস জানায় যে, তারা গাজা উপত্যকায় প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
হামাস জানিয়েছে, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং মিশরীয় গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তার সংগঠনের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদনের কথা জানিয়েছেন।
হামাস এই যুদ্ধবিরতি প্রস্তাবে এমন সময় অনুমোদন দিল যখন ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরের পূর্ব পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালানোর ঘোষণা দিয়ে সেখানকার ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার আদেশ জারি করে। প্রায় ১৫ লাখ উদ্বাস্তু ফিলিস্তিনি সেখানে অবস্থান করছেন। ইসরাইল অনেক দিন থেকেই এই রাফায় অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে।
এর আগে হামাসের প্রতিনিধি দলটির সদস্যরা তাদের নেতৃত্বের সঙ্গে পরামর্শ করার জন্য দুই দিনের যুদ্ধবিরতি আলোচনার পর রোববার মিশরের রাজধানী ত্যাগ করেন।