যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবার নিশ্চিত করেছেন, তাঁর দেশ রাফাহ অভিযানের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না। মূলত গাজার রাফাহে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি ফিলিস্তিনিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই এই অবস্থান নিয়েছেন বাইডেন।
গতকাল বুধবার জো বাইডেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আয়রন ডোম রকেট ইন্টারসেপ্টর ও অন্যান্য প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করবে। কিন্তু যদি ইসরায়েল রাফাহে অভিযান চালায় যায়, সেখানে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ও কামানের গোলা আমরা সরবরাহ করব না।’
যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইসরায়েলকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা প্রদান করে আসছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দেশটিতে মার্কিন অস্ত্র সরবরাহ আরও ত্বরান্বিত হয়েছে। সর্বশেষ, রাফাহ ইস্যুতে এসে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইসরায়েলকে হুমকি দেওয়া হলো যে, ওয়াশিংটন রাফাহে অভিযান চালানোর জন্য ইসরায়েলকে অস্ত্র দেবে না।
এর আগে, বাইডেন প্রশাসনের একাধিক কর্মকর্তাও জানিয়েছিলেন- যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। দ্য গার্ডিয়ান, এপি ও রয়টার্সের প্রতিবেদন থেকে বিষয়টি উঠে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘মনে হচ্ছে, ইসরায়েলি নেতারা রাফাহে অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা ইসরায়েল রাফাহ অভিযানে ব্যবহার করতে পারেন এমন অস্ত্র দেশটিকে না দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে শুরু করেছি।’ তিনি জানান, গত এপ্রিলের শুরু থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।