আবার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় গেলে দেশটিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের অঙ্গীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিউইয়র্কে নিজের নির্বাচনি প্রচারণায় তহবিলদাতা একদল ইহুদির সঙ্গে আলাপকালে এমন অঙ্গীকার করেন তিনি।
ইহুদি তহবিলদাতাদের সঙ্গে আলাপকালে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদেরও বহিষ্কারের হুমকি দেন ট্রাম্প। এ সময় ট্রাম্প উল্লেখ করেন, এই প্রতিবাদকারীরা এক ধরনের ‘কট্টর বিপ্লব’ করার চেষ্টা করছে।
বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইহুদি তহবিলদাতাদের সঙ্গে গোপন ওই বৈঠক ট্রাম্প বলেন, ‘আপনারা যদি আমাকে নির্বাচিত করেন…তেমনটাই করা উচিত আপনাদের—তাহলে আমরা এই (ফিলিস্তিনপন্থী আন্দোলনকে) ২৫ থেকে ৩০ বছর পিছিয়ে দেব।’