উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পিয়ংইয়ং সফরকালে বুধবার (১৯ জুন) এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিকে ‘জোটের মতো’ বলে উল্লেখ করেছেন কিম।
রাশিয়ার সোভিয়েত পরবর্তী নীতি পুরোপুরি পাল্টে দেওয়ার অঙ্গীকার করেছেন পুতিন। ২০০০ সালের জুলাই মাসের পর এটিই পুতিনের প্রথম পিয়ংইয়ং সফর। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের প্রতি পশ্চিমাদের ক্রমবর্ধমান সমর্থনের কারণেই উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার পথে হাঁটছেন পুতিন।
বৈঠক শেষে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন দুই নেতা। পুতিন বলেছেন, নতুন দ্বিপক্ষীয় প্রতিরক্ষার চুক্তির ফলে দুই দেশের যেকোনও একটি আক্রমণের শিকার হলে এগিয়ে আসবে অন্য দেশ।
এদিকে উত্তর কোরিয়াকে সমর্থনের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন কিম জং উন। ১৯৪৮ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সমর্থনে গঠিত হয়েছিল দেশটি।
চীনের সঙ্গেও উত্তর কোরিয়ার একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ফলে পুতিন ও কিমের সাম্প্রতিক ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্র ও তাদের এশীয় মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে।